অর্থনীতি

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশের বাজারে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা। এবার তারা প্রস্তাব দিয়েছে, প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর। তবে সরকার বলছে, প্রস্তাবটি "অতিরিক্ত" এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিষয়ে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে পরিশোধনকারী ও বিপণনকারীদের সঙ্গে বৈঠকে বসবে সরকার।

ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টন ১,২০০ ডলার ছুঁয়েছে। তারা দাবি করছে, সাম্প্রতিক সময়ে সয়াবিন ও পাম তেলের দাম ১৮–২০ শতাংশ পর্যন্ত বেড়েছে, তাই স্থানীয় বাজারেও দাম বাড়ানো জরুরি।

তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এই অজুহাতে লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব যথোপযুক্ত নয়। তারা জানিয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। এরপর ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত জানানো হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “প্রস্তাবটি আমরা দেখছি। আন্তর্জাতিক বাজার বিবেচনায় এটি অতিরিক্ত মনে হচ্ছে। আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে চলতি বছরের ১২ আগস্ট, সরকার পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে প্রতি লিটার ১৫০ টাকা নির্ধারণ করেছিল। তবে তখন সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রেখে ১৮৯ টাকা রাখা হয়।

এছাড়া, গত ১৫ সেপ্টেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে ১% উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীদের দাবি, এই করও বাজারে প্রভাব ফেলছে।