অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৮ হাজার টাকারও বেশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৮ হাজার টাকারও বেশি
ছবি: সংগৃহীত

কয়েক দফা লাগামহীন দাম বাড়ার পর এবার দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দামে হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ভরিতে কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা।

বুধবার (২২ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দরপতনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, স্বর্ণের মূল্য সমন্বয়ের এই উদ্যোগ দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা এবং ১৮ ক্যারেটের ভরিপ্রতি দাম হবে ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা প্রতি ভরি।

এর আগে, ১৯ অক্টোবর সর্বশেষ দাম সমন্বয়ের সময় বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড। তখন ভরিতে দাম বেড়েছিল ১ হাজার ৫০ টাকা।

স্বর্ণের এই দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে যারা আসন্ন বিয়ের মৌসুম কিংবা বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার কথা ভাবছিলেন। তবে অনেক ব্যবসায়ী মনে করছেন, এই হ্রাস স্থায়ী হবে কিনা, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও ডলারের বিনিময় হারের ওপর।