অর্থনীতি

সবজির দামে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম

সবজির দামে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে আগুন
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। কিছু সবজির দাম সামান্য কমলেও বাজার এখনো স্বস্তিকর নয়। ব্যবসায়ীরা বলছেন, এক মাসের মধ্যে সরবরাহ বাড়লে দামে আরও কম আসবে। অন্যদিকে মাছ, মুরগি ও মাংসের বাজারে এখনো তেমন পরিবর্তন নেই- চড়া দামে বিক্রি হচ্ছে এসব পণ্য।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১০০ টাকা, শিম ১০০–১২০ টাকা, করলা ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, পটোল ৫০ টাকা, মুলা ৬০ টাকা, আর বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের কেজি এখনো ৭৫–৮০ টাকাতেই রয়েছে।

তবে কিছুটা স্বস্তি এসেছে কাঁচা মরিচের দামে। এক সপ্তাহ আগেও কেজি ২০০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি উঠতে শুরু করেছে বাজারে, প্রতি পিস ৪০–৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ডিমের দামও কিছুটা কমেছে—প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকা। আলুর দাম আগের চেয়ে কমে দাঁড়িয়েছে কেজি ২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরে সবজির দাম উঁচুতে। শীতের সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে উঠতে শুরু করলে দাম কমবে।

অন্যদিকে মাছের বাজারে তেমন পরিবর্তন আসেনি। প্রতি কেজি বোয়াল ৮০০–১,০০০ টাকা, কোরাল ৮৫০–৯০০ টাকা, আইড় ৭০০–৮০০ টাকা, চাষের রুই ৩০০–৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকা এবং তেলাপিয়া ১৮০–২২০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা, ট্যাংরা ও শিং মাছের দামও ৪০০–৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

মুরগি ও মাংসের বাজারেও দাম অপরিবর্তিত। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি ২৮০–৩০০ টাকা, দেশি মুরগি ৫৫০–৬০০ টাকা। গরুর মাংস ৭৬০–৮০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।