অর্থনীতি

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ এএম

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি
ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। ফলে বর্তমানে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পাকা সোনার দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আগামী সোমবার (২৯ ডিসেম্বর) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।

বাজুস সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দফায় দফায় স্বর্ণের দাম বাড়তে থাকায় সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় তেজাবি সোনার দামের ওঠানামার কারণেই দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।