অর্থনীতি
সোনার দামে বড় লাফ, মঙ্গলবার থেকে কার্যকর
বিশ্ববাজারে সোনা ও রুপার ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকা এই মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার সোনার দামে বড় ধরনের লাফ দিয়েছে। এক লাফে ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম।
ফলে দেশের বাজারে এখন থেকে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়। নতুন এ মূল্য আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বৃদ্ধির এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড দেখা গেছে। বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় বাজারে কাঁচামালের দামের পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে আগামী দিনগুলোতে বিশ্ববাজারের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে সোনা ও রুপার দামে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।