অর্থনীতি

এলপিজির দাম বাড়বে নাকি কমবে, কাল সিদ্ধান্ত জানাবে বিইআরসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

এলপিজির দাম বাড়বে নাকি কমবে, কাল সিদ্ধান্ত জানাবে বিইআরসি
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী চলতি মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় বিষয়ে কমিশনের আদেশ ঘোষণা করা হবে। সোমবার বিকাল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর জানানো হবে।

এছাড়া এলপিজির মূল্য সংক্রান্ত আদেশ বিইআরসির (www.berc.org.bd) থেকেও পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে দেশে এলপিজির দাম বাড়ানো হয়। গত ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়।

এখন নতুন করে ফেব্রুয়ারি মাসে এলপিজির দামে কোনো পরিবর্তন আসে কি না, সে দিকে ভোক্তা ও সংশ্লিষ্ট খাতের নজর রয়েছে।