অর্থনীতি

একদিন কমার পর ফের বাড়ল সোনার দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

একদিন কমার পর ফের বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত

একদিন দাম কমার পর আজ শনিবার দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। আজ সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক ঘোষণায় জানায়, নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়াবে ভরিপ্রতি ২ লাখ ১৪ হাজার ৪৪২ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারিত হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা।

এর আগে গতকাল শুক্রবার বিশ্ববাজারে সোনার দরপতনের প্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। আজ আবার ঠিক একই অঙ্কে দাম বাড়ানো হলো। গতকাল সোনার পাশাপাশি রুপার দামও ভরিপ্রতি ১৭৫ টাকা কমানো হয়েছিল।

গত সপ্তাহজুড়ে দেশের বাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা গেছে। সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম ভরিপ্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়। তার আগের দিন সোমবার সকাল ও বিকেলে দুই দফায় সোনার দাম কমে মোট ১২ হাজার ১৪ টাকা। এরও আগে, গত ২৯ জানুয়ারি ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হলে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, মূলত বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় রেখেই দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। গতকাল শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৯৬৬ ডলার ২৬ সেন্ট।

ওঠানামার মধ্যেও গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম সামগ্রিকভাবে বেড়েছে প্রায় ৪১৫ ডলার, যা আন্তর্জাতিক বাজারে সোনার শক্তিশালী অবস্থানকেই ইঙ্গিত করে।