অর্থনীতি

চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:২১ পিএম

চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

চামড়া শিল্পে দীর্ঘদিন ধরে চলমান সিন্ডিকেট ও নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “১৫ বছর ধরে গড়ে ওঠা চামড়া শিল্পের সিন্ডিকেট একদিনে ভাঙা সম্ভব নয়, তবে আমরা কাজ করে যাচ্ছি।”

সোমবার (৯ জুন) যশোরের রাজারহাট চামড়া মোকাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ঈদ-উল-আজহার সময় চামড়া নিয়ে যেন মাদ্রাসা, এতিমখানা ও মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “সঠিক মূল্য নিশ্চিতে সাড়ে সাত লাখ টন লবণ বিতরণ করা হয়েছে, কারণ লবণ ছাড়া চামড়ার কোনো মূল্য নির্ধারণ করে না সরকার।”

চামড়া শিল্পের উন্নয়নে ঈদের আগেই ট্যানারি মালিকদের জন্য ২২০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে জানিয়ে শেখ বশির বলেন, “বাজার সম্প্রসারণসহ বহির্বিশ্বে চাহিদা তৈরির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “চামড়া খাতে অনিয়ম রোধে একটি কন্ট্রোল টিম কাজ করছে এবং সবকিছু সরকারের সরাসরি নজরদারিতে আছে।” তিনি দাবি করেন, “চামড়া শিল্প রক্ষায় বর্তমান সরকার যত পদক্ষেপ নিয়েছে, অতীতে কোনো সরকার তা করেনি।”

এ সময় যশোরের জেলা প্রশাসক আজাহার ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা সদর উপজেলার বারিনগর বাজারে ইউএসডিএ’র অর্থায়নে নির্মিত সবজি হিমাগারও ঘুরে দেখেন।