অর্থনীতি
এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন
বাংলাদেশের বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।
সম্প্রতি এবিবির বোর্ড অব গভর্নরসের এক সভায় তাকে সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। একই সভায় পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবিবির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব পালন করবেন আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত।
প্রসঙ্গত, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরীন ভাইস চেয়ারম্যান হিসেবে তার আগের দায়িত্বে বহাল থাকবেন।
মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিন দশকের কর্মজীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন হেড অফিস, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং সিটি ব্যাংক এন.এ.-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
গত ছয় বছর ধরে তিনি সিটি ব্যাংক পিএলসির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এবিবিতে তিনি গত চার বছর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করার পর এবার সংগঠনের নেতৃত্বে এলেন। ব্যাংকিং পেশার পাশাপাশি তিনি একজন লেখক ও অনুবাদক হিসেবেও পরিচিত।
অন্যদিকে, মোহাম্মদ আলী ২০০৮ সালে পূবালী ব্যাংকে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগ দেন। এরপর ২০১৬ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ২০২০ সালে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, এবং পরে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে উন্নীত হন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একই ব্যাংকে চিফ অপারেটিং অফিসার, চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার, চিফ রিস্ক অফিসার ও ক্রেডিট কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তার নেতৃত্বে পূবালী ব্যাংক লাভজনক ও সুনামধন্য ব্যাংকে পরিণত হয়েছে।
উল্লেখ্য, এবিবির আগের চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করায় এবিবির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এরপর সংগঠনের নীতিমালার আলোকে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
এই রদবদলের মধ্য দিয়ে এবিবি নতুন নেতৃত্বের অধীনে কার্যক্রম পরিচালনা করবে এবং দেশের ব্যাংকিং খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মত ও দিকনির্দেশনা প্রদান অব্যাহত রাখবে।