অর্থনীতি

১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে তিন সাবেক গভর্নরের নথি তলব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম

১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে তিন সাবেক গভর্নরের নথি তলব
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

বাংলাদেশে গত ১৫ বছরে ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, অনিয়ম ও অর্থ লোপাটের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংস্থাটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে সাবেক তিন গভর্নরসহ ৯ শীর্ষ কর্মকর্তার দায়িত্বকালীন কর্মকাণ্ড, ব্যক্তি-সম্পর্কিত তথ্য এবং ঋণ অনুমোদনের যাবতীয় নথিপত্র তলব করেছে।

দুদকের চিঠিতে আওয়ামী লীগ শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার এবং একাধিক ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধানদের সম্পূর্ণ কার্যকাল, দায়িত্ব, যোগাযোগের তথ্য ও পরিচয়পত্রের ফটোকপি চাওয়া হয়েছে।

তদন্তের অংশ হিসেবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক খাতে বড় অঙ্কের ঋণ অনুমোদন ও পুনঃনিয়মিতকরণের প্রক্রিয়া, বিশেষ করে বেক্সিমকো, কেয়া, যমুনা, শিকদার, থার্মেক্স, এনানটেক্সসহ বিভিন্ন প্রভাবশালী গ্রুপের নেওয়া ঋণসংক্রান্ত তথ্য চেয়েছে দুদক।

তলব করা অন্যান্য গুরুত্বপূর্ণ নথির মধ্যে রয়েছে:

* খেলাপি ঋণ পুনঃনিয়মিতকরণ সংক্রান্ত নীতিমালা ও সংশ্লিষ্ট নথি।

* হলমার্ক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন।

* নতুন ৯টি ব্যাংকের অনুমোদন প্রক্রিয়া।

* রিজার্ভ চুরি, সুদের হার ৯ শতাংশ নির্ধারণ ও ডলার বরাদ্দসংক্রান্ত সিদ্ধান্ত।

* ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া।

* অর্থপাচার ও ডলার বাজারে অস্থিরতার পেছনের তথ্য।

* ব্যাংক পরিদর্শন নীতিমালা এবং বন্ধ হয়ে যাওয়া ব্যাংকের রেকর্ড।

এছাড়া ২০১৫ সালের ঋণ পুনর্গঠন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা নিয়েও তথ্য চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে এনানটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।