অর্থনীতি
হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে হাজার কোটি টাকার মালিকরাও আজ দিশেহারা হয়ে দৌড়ে বেড়াচ্ছেন। অর্থের পেছনে অন্ধ দৌড় নয়, সততা ও সঠিক শিক্ষাই তরুণ প্রজন্মকে সফলতার পথে এগিয়ে নিতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, বরং সততার চর্চা করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা গ্রহণ করলে আগামী দিনে তারা নিজেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। শিক্ষা হলো এমন এক বিনিয়োগ, যা শুধু শিক্ষার্থী নয়, গোটা জাতির ভবিষ্যৎ গড়ে তোলে।”
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া বরাবরই ঐতিহ্য ও সম্প্রীতির জন্য সুপরিচিত। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঐক্য, উদ্যম ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার মানসিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, জেলার স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ জন্য স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও এগিয়ে আসা জরুরি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এম এ খালেক বলেন, “ব্রাহ্মণবাড়িয়া বহুদিন ধরে দেশকে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। আমাদের প্রতিজ্ঞা, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াকে কেবল মেধা ও অবদানের জন্য সবাই চিনবে, কোনো নেতিবাচক ধারণার জন্য নয়।”
তিনি আরও বলেন, বৃত্তি প্রদান, নতুন কমিটির অভিষেক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে নাগরিক গৌরবের বীজ রোপণ করা হচ্ছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
স্বাগত বক্তব্যে জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “আজকের এই সমাবেশ কেবল উদযাপন নয়, বরং একটি নতুন আন্দোলনের সূচনা। এটি হবে বাংলাদেশসহ সারা বিশ্বের সামনে ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার আন্দোলন।”
অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে যেসব দাতা, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম সহযোগিতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।