অর্থনীতি

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস
ছবি: সংগৃহীত

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাদের রিটার্ন জমা দিতে পারবে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের করনীতি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব (করনীতি) মো. একরামুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্য সব করদাতার (কোম্পানি) ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে।

এর আগে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ১৫ মার্চ। তবে ব্যবসায়িক পরিস্থিতি ও করদাতাদের সুবিধার কথা বিবেচনায় এনবিআর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা ও অতিরিক্ত কর আরোপের বিধান রয়েছে। তবে সময়সীমা বাড়ানোর ফলে কোম্পানিগুলো এখন কোনো অতিরিক্ত জরিমানা ছাড়াই ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবে।