অর্থনীতি
আবারও বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। একই সময়ে ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, তখন প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়। বর্তমানে বাজারে মূল্য ওঠানামার প্রবণতা অব্যাহত রয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছরেও মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল বলে জানিয়েছে বাজুস।