অর্থনীতি

ভারত থেকে দেশে এলো আরও ৭ হাজার টন ডিজেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

ভারত থেকে দেশে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের রেলহেড ডিপোতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে ৭ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই জ্বালানি তেল বাংলাদেশে প্রবেশ করে।

রেলহেড ডিপোর অপারেশনস ম্যানেজার কাজী রবিউল আলম জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে গত সোমবার রাত থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টার পরিবহণ প্রক্রিয়া শেষে তেলটি পার্বতীপুরে পৌঁছে।

চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় চালান হিসেবে এসেছে। এর আগে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। সব মিলিয়ে এই মাসেই পাইপলাইনে প্রায় ২০ হাজার টন জ্বালানি তেল এসেছে।

সূত্র অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ভারত থেকে মোট ৪২ হাজার টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে। এপ্রিল মাসে মোট চারটি চালানে প্রায় ২৫ হাজার টন তেল আসার পরিকল্পনা রয়েছে।

পাইপলাইনে আসা জ্বালানি পার্বতীপুর ডিপো থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিতরণ করা হয়, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

২০১৮ সালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০২৩ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল আমদানি শুরু হয়। প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে বছরে কয়েক লাখ টন ডিজেল আনার সক্ষমতা রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা আছে।