অর্থনীতি

অভ্যন্তরীণ ফ্লাইটে কমলো জেট ফুয়েলের দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

অভ্যন্তরীণ ফ্লাইটে কমলো জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

শনিবার (২৩ মে) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে দাম কমেছে ৩৯ টাকা ৫৭ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। সেখানে প্রতি লিটার জ্বালানির দাম ১.৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১.০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। একই সময় আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটারের দাম ১.৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়।

অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানি সরবরাহের সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দরসহ ভবিষ্যতে চালু হতে যাওয়া অন্যান্য বিমানবন্দর।