অর্থনীতি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: আশা অর্থমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:২০ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: আশা অর্থমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় এখন জরুরি হয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে সরকারি কর্মচারীদের দৈনন্দিন ব্যয় নির্বাহে চাপ তৈরি হয়েছে। বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়লেও সরকারি খাতে সে ধরনের সমন্বয় হয়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মানুষের আয় কম থাকলে অনেক ক্ষেত্রে দুর্নীতির প্রবণতা দেখা যায়। তাই বেতন বাড়লে এবং জীবনযাত্রার মান উন্নত হলে দুর্নীতি স্বাভাবিকভাবেই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে তার প্রথম বাজেট।