অর্থনীতি
মহাখালী ছাড়ছে গোল্ডলিফ-বেনসনের কারখানা, প্রধান কার্যালয় যাচ্ছে ঢাকার বাইরে
ঢাকার মহাখালী নিউ ডিওএইচএস এলাকার ঐতিহাসিক তামাক কারখানা থেকে সরে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)। ২০২৫ সালের ১ জুলাই থেকে প্রতিষ্ঠানটির নিবন্ধিত প্রধান কার্যালয় আশুলিয়ার ধামসোনা এলাকায় স্থানান্তরিত হচ্ছে। একই দিন থেকে বন্ধ হয়ে যাবে মহাখালীর কারখানার সব কার্যক্রম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএটি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেহোরা, ধামসোনা, বলিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা-১৩৪৯।
১৯৬৫ সালে মহাখালীতে স্থাপিত এই কারখানাটি ছিল বিএটি বাংলাদেশের দ্বিতীয় কারখানা। এর আগে ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রতিষ্ঠা করা হয়েছিল দেশের প্রথম তামাক কারখানা।
বহু দশক ধরে মহাখালীর এই কারখানাটি রাজধানীর অন্যতম আলোচিত তামাক উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে কারখানাটি আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরে পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন মহল সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।
জানা যায়, মহাখালীর কারখানার জন্য বিএটি বাংলাদেশ জায়গাটি ইজারার ভিত্তিতে ব্যবহার করছিল। প্রতি ইজারা মেয়াদ ছিল ৩০ বছর করে এবং সর্বোচ্চ ৯০ বছর পর্যন্ত নবায়নের সুযোগ ছিল। প্রতিষ্ঠানটি ৬০ বছর পর্যন্ত কার্যক্রম চালানোর পর বাকি ৩০ বছরের জন্য ইজারা নবায়নের আবেদন করেছিল।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নবায়ন না করায় কোম্পানিটি আইনি লড়াইয়ে যায়। সর্বশেষ গত ২৮ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করে দেন। এর ফলে কোম্পানির আর কোনো আইনি সুযোগ না থাকায় স্থানান্তরের পথ খোলাই ছিল সময়ের ব্যাপার।
নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা মনে করছেন, মহাখালী আবাসিক এলাকায় এমন একটি ভারী শিল্পপ্রতিষ্ঠান থাকার কারণে স্বাস্থ্যঝুঁকি ও নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। তাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশ সচেতন মহল।
অন্যদিকে, কারখানা স্থানান্তরের ফলে কিছু শ্রমিক কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিএটি বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কর্মী ছাঁটাই পরিকল্পনা ঘোষণা করেনি।
প্রায় ছয় দশক ধরে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থান করা গোল্ডলিফ ও বেনসনসহ বিএটি বাংলাদেশের পণ্যের উৎপাদন কেন্দ্রটি অবশেষে সরিয়ে নেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত রাজধানীর পরিবেশ ও পরিকল্পিত নগরায়নের জন্য ইতিবাচক হিসেবে দেখা হলেও এর প্রভাব পড়বে প্রতিষ্ঠানটির কাঠামোগত ও শ্রম ব্যবস্থাপনায় — এমনটাই মত বিশ্লেষকদের।