অর্থনীতি

পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ শিবলী–রিয়াজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ শিবলী–রিয়াজ
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (বামে) ও রিয়াজ ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম এবং এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে পুঁজিবাজার–সম্পর্কিত সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিএসইসির ৯৭৮তম কমিশন সভায় কমিশনের বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডে বিনিয়োগ এবং কোয়েস্ট বিডিসি লিমিটেডের মূলধন ১ কোটি ৬০ লাখ টাকা থেকে ৫০ কোটি টাকায় বৃদ্ধি করার প্রক্রিয়ায় অনৈতিক যোগসাজশ ও স্বার্থসংঘাতের প্রমাণ পাওয়া গেছে। এই অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত সেপ্টেম্বরে বিএসইসির গঠিত অনুসন্ধান কমিটি কোয়েস্ট বিডিসি লিমিটেডে অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পেয়ে উভয়কে আজীবন নিষিদ্ধ করার সুপারিশ করে।

সেই সুপারিশ অনুযায়ী, মঙ্গলবার কমিশন সভায় শিবলী রুবাইয়াত–উল–ইসলাম ও রিয়াজ ইসলামকে পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।