অর্থনীতি

ভোজ্য তেলের দাম সরকার বাড়ায়নি, উৎপাদকরাই বাড়িয়েছে: বাণিজ্য উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম

ভোজ্য তেলের দাম সরকার বাড়ায়নি, উৎপাদকরাই বাড়িয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ভোজ্যতেলের দাম বৃদ্ধি করেনি, বরং উৎপাদক সংস্থাগুলো নিজেরাই মূল্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি স্পষ্ট করে বলেন, সরকার এখন পর্যন্ত কোনো অনুমোদন দেয়নি; তাই উৎপাদকদের দেওয়া মূল্যবৃদ্ধির ঘোষণার বৈধতা নেই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “তেলের দাম সমন্বয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করা হয়, যা ডাইরেক্ট কমিশন নিয়ন্ত্রণ করে। এই ফর্মুলার মাধ্যমে মূল্য নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো সংস্থার পক্ষে নিজেরা দাম ঘোষণা করার বৈধতা নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ প্রকাশ করার কোনো অধিকার নেই, যতক্ষণ না পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়। যে বিষয়ে আমি অনুমোদন দিইনি, সেটির প্রেস রিলিজ কীভাবে দেওয়া হয়, সেটি প্রশ্নবিদ্ধ।”

প্রসঙ্গত, সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন ঘোষণায় বলা হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ১৭৪ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা এবং পাম তেলের দাম ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন স্পষ্ট করেছেন, এই মূল্যবৃদ্ধি সরকারের অনুমোদন ছাড়াই ঘোষণা করা হয়েছে, তাই বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।