অর্থনীতি
৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিল সরকার
দেশে এখন থেকে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল সম্পূর্ণ তৈরি অবস্থায় আমদানি করা যাবে। নতুন আমদানিনীতি আদেশে মোটরসাইকেলের ইঞ্জিনক্ষমতার সর্বোচ্চ সীমা বাড়িয়েছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) এ-সংক্রান্ত নতুন আমদানিনীতি আদেশের গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২১ থেকে ২০২৪ সালের আমদানিনীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল।
নতুন নীতি কার্যকর হলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ বাড়বে। এতে দেশের বাজারে মোটরসাইকেলের বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা থাকলেও স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন আমদানিনীতি শুধু মোটরসাইকেল আমদানির ক্ষেত্রেই সুযোগ বাড়ায়নি, আমদানি প্রক্রিয়াকেও আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ঋণপত্রের পাশাপাশি কোনো নির্দিষ্ট মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা।
এ ছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল ও কেন্দ্রীয় বন্ডেড গুদাম প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে নতুন নীতিতে। প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে।
২০২১ থেকে ২০২৪ সালের আমদানিনীতি আদেশে ঋণপত্র ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ থাকলেও বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত ছিল। নতুন আদেশে এসব সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন নীতির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে দেশের আমদানি ব্যবস্থাকে আরও সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।