অর্থনীতি

বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম

বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা কয়েকদিন অস্বাভাবিক বৃদ্ধির পর আবারও কমেছে সোনার দাম। সোমবার (২৭ অক্টোবর) স্পট গোল্ডের দাম ৩ শতাংশ এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) আরও ১ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ দশমিক ৫৩ ডলারে।

এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছেছিল। ফলে কয়েকদিনের ব্যবধানে সোনার মূল্য প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আকস্মিক বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকেই সোনার দামে পতন শুরু হয়। চুক্তির আশায় চীনা পণ্যে সম্ভাব্য শুল্কবৃদ্ধির আশঙ্কা কমে যায় এবং ভূরাজনৈতিক উত্তেজনাও কিছুটা প্রশমিত হয়, যা সোনার বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

বিশ্লেষকদের ধারণা, এই নিম্নমুখী প্রবণতা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ২৭০ থেকে ৩ হাজার ৪৪০ ডলারের মধ্যে নেমে আসতে পারে- অর্থাৎ বর্তমান অবস্থার তুলনায় দাম আরও ১৭ শতাংশ পর্যন্ত কমতে পারে।

তবে দীর্ঘমেয়াদে সোনার বাজার নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান জানিয়েছে, ২০২৬ সালে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫ ডলার এবং ২০২৮ সালে ৮ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

অন্যদিকে গোল্ডম্যান স্যাচস পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলারে উন্নীত হতে পারে।

বিশ্লেষকদের মতে, বর্তমানে অ-ব্যাংক বিনিয়োগকারীদের মোট বৈশ্বিক সম্পদের ২ দশমিক ৬ শতাংশ সোনায় বিনিয়োগ রয়েছে। জেপি মর্গানের ধারণা, ২০২৮ সালের মধ্যে এই হার বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে। ফলে আগামী কয়েক বছরে সোনার দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।