পরিবেশ-জলবায়ু

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৩:০৫ এএম

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের তিনটি বিভাগে আজ (বুধবার, ২৫ জুন) মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেরও অনেক স্থানে এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, দেশের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রাজধানী ঢাকার আবহাওয়া সম্পর্কেও পূর্বাভাসে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল (মঙ্গলবার) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস) হয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকাগুলোতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বাতাস প্রবাহমান থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ধরনের আবহাওয়ায় নাগরিকদের বিশেষ করে পথচারী ও বাইকচালকদের সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।