পরিবেশ-জলবায়ু
ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
আজ শুক্রবার (১ আগস্ট) দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতির ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে।
বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।