পরিবেশ-জলবায়ু

দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:০৬ এএম

দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস
ছবি: সংগৃহীত

রবিবার ভোর থেকেই রাজধানী ঢাকায় কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় আগামী সোমবার (১৮ আগস্ট) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।