পরিবেশ-জলবায়ু

সারা দেশে ভারি বর্ষণের আভাস, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:১৮ এএম

সারা দেশে ভারি বর্ষণের আভাস, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে ভারি বর্ষণ ও দমকা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দর এলাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগর থেকে উপকূলের কাছাকাছি এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

গত ২৪ ঘণ্টায় (রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বাধিক ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা ও বান্দরবানে। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।