পরিবেশ-জলবায়ু

চার বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৯ এএম

চার বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের চারটি বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের জন্য ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এ অবস্থায় সচেতনতা ও সতর্কতা অবলম্বনই একমাত্র করণীয়।