পরিবেশ-জলবায়ু

টানা ভারি বৃষ্টির পূর্বাভাস, প্রস্তুত থাকতে বলছে আবহাওয়া অধিদপ্তর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:০৪ এএম

টানা ভারি বৃষ্টির পূর্বাভাস, প্রস্তুত থাকতে বলছে আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ ঘটাতে পারে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, টানা ভারি বর্ষণের কারণে নিম্নাঞ্চলসমূহে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তাই কৃষক, নৌযান চালক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।