পরিবেশ-জলবায়ু
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে সমুদ্র ও উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ আগস্ট) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চলের পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত থাকায় উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি জেলেদেরও বাড়তি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি কয়েক দিন অব্যাহত থাকতে পারে এবং আবহাওয়ার হালনাগাদ তথ্য নিয়মিত অনুসরণ করা সবার জন্য জরুরি।