পরিবেশ-জলবায়ু
ফের লঘুচাপের আভাস, আজ ভারি বৃষ্টি হতে পারে যেসব জেলায়
দেশজুড়ে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের পর আবারও ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আজ (রোববার) সারাদিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী সোমবারের (২৫ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের উপকূলীয় অঞ্চলসহ অভ্যন্তরীণ নদীবন্দর এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর নৌকাযোগে চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জেলেদের সমুদ্রে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।