পরিবেশ-জলবায়ু

তাপমাত্রা বাড়লেও ঢাকায় হতে পারে হালকা বৃষ্টি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:১৯ এএম

তাপমাত্রা বাড়লেও ঢাকায় হতে পারে হালকা বৃষ্টি
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় আজ রবিবার (৩১ আগস্ট) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ–পূর্ব কিংবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে রবিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

আবহাওয়াবিদদের মতে, আগস্ট মাসের শেষ প্রহরে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় হালকা বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিচ্ছে। তবে দিনে রোদ ওঠার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। ফলে ভ্যাপসা গরমের পাশাপাশি হঠাৎ বৃষ্টির অভিজ্ঞতা হতে পারে নগরবাসীর।