পরিবেশ-জলবায়ু

সাত জেলায় ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

সাত জেলায় ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

এ অবস্থায় সংশ্লিষ্ট সাত জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এ ধরনের আবহাওয়া পরিস্থিতিতে জনগণকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নদী ও সাগর উপকূলীয় এলাকায় অযাচিত নৌযাত্রা এড়িয়ে চলতে বলা হয়েছে।