পরিবেশ-জলবায়ু

সাভারে ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা পরিবেশ উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

সাভারে ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা পরিবেশ উপদেষ্টার
ছবি: সংগৃহীত

সাভার উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে সব ধরনের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি সতর্ক করে বলেন, সাভারকে ঘোষিত ‘ডিগ্রেডেড এয়ারশেড’ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না। আইন অমান্য করে কেউ যদি ইটভাটা চালু করে, তবে জেলা প্রশাসন, পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইটভাটা মালিকদের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা আরও জানান, উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো, অবৈধ সীসা গলানোর ভাট্টি চালানো কিংবা টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে রাতের বেলাতেও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব কার্যক্রম বন্ধ করা হবে। একইসঙ্গে নির্মাণ সামগ্রী খোলা জায়গায় মজুদ বা পরিবহন করলে জরিমানার পাশাপাশি মালামাল জব্দ করার নির্দেশনাও দেওয়া হবে।

তিনি বলেন, বায়ুদূষণ রোধে কেবল প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়, জনগণের সচেতনতা বাড়ানোও জরুরি। এজন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশসহ সর্বাত্মক প্রচারণা চালাতে হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঘোষিত ‘ডিগ্রেডেড এয়ারশেড’ বাস্তবায়ন সফল হবে এবং নাগরিকদের ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করা সম্ভব হবে।

সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এ ছাড়া ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।