পরিবেশ-জলবায়ু

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে নিয়মিত সতর্কবার্তা প্রদান করা হবে। এ সময় সাধারণ মানুষকেও সতর্ক থেকে অপ্রয়োজনীয় সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।