পরিবেশ-জলবায়ু
ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুর ১টার মধ্যে দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।