পরিবেশ-জলবায়ু

বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপে রূপ নিয়ে বৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপে রূপ নিয়ে বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিম্নচাপে রূপ নিলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এর আংশিক প্রভাব পড়তে পারে।

এর ফলে সপ্তাহের শেষ দিকে দেশের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করতে পারে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে।