পরিবেশ-জলবায়ু

সাগর উত্তাল, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম

সাগর উত্তাল, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। দেশের সব সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৩০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও অনেকাংশে উত্তাল।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে আসার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।