পরিবেশ-জলবায়ু

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি অগ্রসর হয়ে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে অধিদফতর।

শুক্রবার রাত থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে; কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

২ নভেম্বর (রোববার): ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে, এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

৩ নভেম্বর (সোমবার): কেবল চট্টগ্রাম অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, অন্যত্র থাকবে শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া।

৪ নভেম্বর (মঙ্গলবার): চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং আবহাওয়া ক্রমেই স্থিতিশীল হয়ে উঠবে।