পরিবেশ-জলবায়ু

ভূমিকম্পের পর এবার ঘূর্ণিঝড়ের ইঙ্গিত, যা জানাল বিডব্লিউওটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

ভূমিকম্পের পর এবার ঘূর্ণিঝড়ের ইঙ্গিত, যা জানাল বিডব্লিউওটি
প্রতীকী ছবি

আজ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর এবার ঘূর্ণিঝড়ের নতুন সম্ভাবনার কথা জানাল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে তাদের ফেসবুক পেজে প্রকাশিত সর্বশেষ আপডেটে বলা হয়, দক্ষিণ–পূর্ব আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি নিম্নচাপজড়িত ঘূর্ণাবর্ত (সার্কুলেশন) তৈরি হয়েছে।

বিডব্লিউওটি জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই সার্কুলেশনটি লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে তা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানবে কি না—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে মন্তব্য করা যাচ্ছে না।

সংগঠনটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির পথ, শক্তি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে তিন থেকে চার দিন পরে। তবে এর আগাম প্রভাবে মাসের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

এদিকে শীতের পূর্বাভাস নিয়ে বিডব্লিউওটির আরেকটি পোস্টে বলা হয়েছে, নভেম্বরের বাকি সময় দেশে তীব্র বা মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তাপমাত্রা ওঠানামা করবে, ফলে আবহাওয়া থাকবে দোলাচলের মধ্যেই।

বিডব্লিউওটির ভাষায়, “দেশজুড়ে পুরোপুরি শীতের স্বাদ পেতে হলে শৈত্যপ্রবাহের জন্য অপেক্ষা করতে হবে। আপাতত ‘এই শীত–এই গরম’ পরিস্থিতি চলবে।”