পরিবেশ-জলবায়ু

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–কে কেন্দ্র করে নতুন করে ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কা উপকূল ও দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই অঞ্চলে অবস্থান করছে।

দুপুর ১২টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৯৪০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১,৮৮৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৮২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।