পরিবেশ-জলবায়ু
বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই পুরস্কার, বায়ুদূষণ রোধে সরকারের বিশেষ উদ্যোগ
বায়ুদূষণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নাগরিকদের জন্য এক ব্যতিক্রমী পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে কোথাও বর্জ্য পোড়ানোর ছবি তুলে পাঠালে প্রতি মাসে সেরা ১০ জন ফটোগ্রাফারকে পুরস্কৃত করা হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, যানবাহন ও ইটভাটার ধোঁয়ার পাশাপাশি যত্রতত্র বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে, যা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য প্রাণঘাতী। এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করতে সরাসরি নাগরিকদের সম্পৃক্ত করতে চায় সরকার।
বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ত করতে সরকার দেশের সব নাগরিকের নিকট বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে।
সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।