পরিবেশ-জলবায়ু

ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ এএম

ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে
ছবি: সংগৃহীত

সারা দেশে আজ মঙ্গলবার (১৭ মার্চ) অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।