পরিবেশ-জলবায়ু

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘলা আবহাওয়া ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে।