ইতিহাস-ঐতিহ্য
স্কটল্যান্ডে ৩,৩০০ বছরের পুরোনো ‘রহস্যময়’ গণকবরের সন্ধান
স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্রোঞ্জ যুগের একটি বিরল ও রহস্যময় গণকবরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ডামফ্রিজ ও গ্যালোয়ের সানকুয়ার এলাকায় একটি উইন্ড ফার্মের কাজ চলাকালীন এই প্রাচীন সমাধি ঢিবি বা ‘ব্যারো’ উন্মোচিত হয়।
গবেষকদের ধারণা, প্রায় ৩,৩০০ বছর আগে কোনো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ভিক্ষের কারণে এই গণকবর তৈরি করা হয়েছিল।
২০২০ ও ২০২১ সালে ‘গার্ড আর্কিওলজি’ নামক একটি প্রতিষ্ঠান সানকুয়ারের টোয়েন্টিশিলিং উইন্ড ফার্ম এলাকায় খননকাজ পরিচালনা করে। খননকালে সেখানে পাঁচটি প্রাচীন কলস পাওয়া যায়, যার ভেতরে অন্তত আটজন ব্যক্তির দাহকৃত অস্থির সন্ধান মেলে। রেডিওকার্বন ডেটিং অনুযায়ী, এই সমাধিটি খ্রিষ্টপূর্ব ১৪৩৯ থেকে ১২৮৭ সালের মধ্যবর্তী সময়ের।
প্রত্নতত্ত্ববিদ থমাস মুইর জানান, ব্রোঞ্জ যুগের স্বাভাবিক রীতির সঙ্গে এই সমাধির বিস্তর ফারাক রয়েছে। সাধারণত ওই সময় মৃতদেহ কিছুদিন খোলা স্থানে রেখে দেওয়ার রীতি থাকলেও, এখানে দাহ করার প্রায় সঙ্গে সঙ্গেই দেহাবশেষগুলো সমাহিত করা হয়েছিল।
থমাস মুইরের মতে, “কলসগুলো একই সময়ে রাখা হয়েছিল, যা নির্দেশ করে যে তারা একই পরিবার বা সম্প্রদায়ের সদস্য ছিলেন। সম্ভবত কোনো ভয়াবহ দুর্ভিক্ষ বা মহামারীর কারণে খুব অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মারা যাওয়ায় এই তড়িঘড়ি দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।”
বর্তমানে এই প্রত্নতাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর উইন্ড ফার্মটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে। এই আবিষ্কার প্রাচীন স্কটল্যান্ডের মানুষের জীবন ও মৃত্যু নিয়ে নতুন গবেষণার দ্বার উন্মোচন করেছে।