ইতিহাস-ঐতিহ্য

জামদানি শাড়ি: ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রনে গাঁথা আভিজাত্যের গল্প


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

জামদানি শাড়ি: ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রনে গাঁথা আভিজাত্যের গল্প
জামদানি শাড়ি। ছবি: সংগৃহীত

জামদানি শুধু পোশাক নয়, বরং বাংলাদেশী নারীর সংস্কৃতির একটি প্রতীক। বর্তমান যুগে জামদানি শাড়ি আন্তর্জাতিক বাজারেও প্রসিদ্ধ হয়ে উঠেছে, যা বাংলার ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরে।

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যে জামদানি শাড়ির গুরুত্ব অপরিসীম। জামদানি শাড়ির ইতিহাস প্রায় ২,০০০ বছর পুরনো। এটি প্রথমে মুসলিম শাসন আমলে জনপ্রিয়তা পেতে শুরু করে।

বিভিন্ন ঐতিহাসিক লেখায় জামদানি শাড়ির উল্লেখ পাওয়া যায়, যা এর প্রাচীনত্ব এবং ঐতিহ্যকে প্রমাণ করে। বাংলার রাজা-রাণীদের মধ্যে এই শাড়ি খুব জনপ্রিয় ছিল, এবং এটি এখনো অনেকের জন্য প্রয়োজনীয়, বিশেষ করে বিয়ে বা উৎসবের সময়।

jam 2.jpg
জামদানি শাড়ি। ছবি: সংগৃহীত

প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানির বুনন এবং এর নকশা। জামদানি বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার। জামদানির নকশা সূচিকর্মে ফুটিয়ে তোলা হয় না, ছাপাও হয় না। এর বুনন এক বিস্ময়কর বয়নকৌশল, যা শ্রুতি ও স্মৃতিনির্ভর।

এই নকশা সরাসরি তাঁতে বোনা। স্বচ্ছ জমিনে অস্বচ্ছতার মোহনীয়তায় প্রতিটি নকশাই স্বতন্ত্র্, অনন্য আর সূক্ষ্ম। নকশাগুলোতে দেখা যায় জ্যামিতিক প্যাটার্নের ব্যবহার।এর নেপথ্যে রয়েছে এই শিল্পীদের প্রজন্ম থেকে প্রজন্মে অর্জন করা নিরন্তর সূক্ষ্ম কাজের অনুশীলন। স্মৃতি এবং মেধার বিস্ময়কর ধারণক্ষমতা।

জামদানি শিল্প ধ্বংসের চরম ঝুঁকিতে রয়েছে। কারণ জামদানি বয়নশিল্পীদের নেই সরাসরি বাজারসংযোগ। তুলনামূলক কম উৎপাদন খরচের যন্ত্রচালিত তাঁতের শাড়ির সঙ্গে এর রয়েছে তীব্র প্রতিযোগিতা। হতাশাজনক মজুরির বিষয় তো আছেই। তাই দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা জরুরি।