সারাদেশ
খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কর্ণফুলী তীরের বাসিন্দাদের সতর্কতা
কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে কেন্দ্রটির ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রের ব্যবস্থাপকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
হ্রদের পানি ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য স্প্রিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর আগে গত মাসেও কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে পানি ছাড়া হয়েছিল।
বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্প্রিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়তে পারে।
এ পরিস্থিতিতে কাপ্তাই, রাঙ্গামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।