রাজধানী

এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত, বিবেক ও বুদ্ধি জরুরি: প্রধান বিচারপতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:২৬ পিএম

এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত, বিবেক ও বুদ্ধি জরুরি: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তার মতে, রায় দেওয়ার ক্ষেত্রে বিচারকের নিজের বুদ্ধি, বিবেক ও আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একটি রায় লেখার ক্ষেত্রে প্রথমে মামলার বিষয় ও সংশ্লিষ্ট তথ্য বা ঘটনা বিবেচনা করতে হয়। এরপর ওই ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করতে হয়। সবশেষে তথ্য ও আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচারকের নিজের বিবেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, বিচারকের বিবেককে এআই দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিবেক মানুষের নিজস্ব চিন্তাশক্তির অংশ। তাই রায় দেওয়ার ক্ষেত্রে বিচারককে নিজের বুদ্ধি-বিবেক ও আইনের যথাযথ প্রয়োগের ওপর নির্ভর করতে হবে।

এআই ব্যবহারের ঝুঁকির উদাহরণ তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, সম্প্রতি ইংল্যান্ডে এআই ব্যবহার করে একটি মামলার রায় লেখা হয়েছিল। পরে দেখা যায়, ওই রায়ে এআই যে বিচারিক সিদ্ধান্তের নজির উল্লেখ করেছে, বাস্তবে সেই রায়ের কোনো অস্তিত্বই ছিল না।

এ কারণে এআই ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রযুক্তিটির অপব্যবহার রোধ করে যাতে এটি কেবল ইতিবাচক ও কল্যাণকর কাজে ব্যবহৃত হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. মোহাম্মদ একরামুল হক। স্বাগত বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলী।