রাজনীতি
আওয়ামী লীগ ফেরার বাতাস শুধু ভারত ও সামাজিক মাধ্যমে: সারজিস
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ দেশে ফেরার যে আলোচনা চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তার দাবি, আওয়ামী লীগ ফেরার ‘বাতাস’ শুধু ভারত ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যার সঙ্গে জড়িত, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন সারজিস। তিনি বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীর ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। কোনো মন্ত্রী সঠিকভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে না পারলে প্রধানমন্ত্রীকে তাকে অপসারণ করতে হবে। তা না করে ব্যর্থতার পরও দায়িত্বে বহাল রাখলে এর দায় প্রধানমন্ত্রীর ওপরও বর্তাবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নিজের মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও নজর দেওয়ার আহ্বান জানান।
সারজিস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। তবে এভাবে দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তিনি যথেষ্ট নজর দিতে পারছেন না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।