সারাবিশ্ব
বিজেপি জিতলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়ানো হবে: অমিত শাহ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া অবস্থান ব্যক্ত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে।
সোমবার (১৩ এপ্রিল) বীরভূম জেলার খয়রাশোরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতার বিষয়েও কঠোর সমালোচনা করেন।
অমিত শাহ অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
রাজ্যের নেতৃত্ব নিয়ে মন্তব্য করে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাংলার মাটির সঙ্গে যুক্ত এবং বাংলাভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান মুখ্যমন্ত্রী বা তার পরিবারের কেউ এ পদে থাকবেন না বলেও জানান তিনি।
তার এই বক্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।