আইন আদালত
হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে আর বাধা নেই
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্ট থেকে দেওয়া নির্বাচন স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্ধারিত সময় অনুযায়ী ডাকসু নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হলো।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে করা হাতে লেখা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবেদনকারী পক্ষের আইনজীবী শিশির মনির। তিনি জানান, “হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে চেম্বার আদালত সেটি স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচনের ওপর আর কোনো বাধা থাকল না।”
এর আগে একই দিনে (১ সেপ্টেম্বর) সকালে হাইকোর্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন। সেই রিটটি করা হয়েছিল ছাত্র শিবির-সমর্থিত এক প্রার্থীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে।