আইন আদালত

সালমান শাহ হত্যা মামলা: সামিরা হক ও অভিনেতা ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

সালমান শাহ হত্যা মামলা: সামিরা হক ও অভিনেতা ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক ও অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রবিবার (২৭ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকারের দাখিল করা আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা গত ২২ অক্টোবর সামিরা হক ও ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

প্রসঙ্গত, প্রায় ২৯ বছর পর, চলতি বছরের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর।

মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ও ৩৪ (অপরাধে অভিন্ন উদ্দেশ্য) ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন—সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, আশরাফুল হক ওরফে ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এর আগে, ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।

সালমান শাহ ১৯৯০ দশকের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু দেশের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। শুরুতে ঘটনাটি ‘আত্মহত্যা’ হিসেবে দেখানো হলেও পরিবারের দাবি ছিল, এটি একটি ‘পরিকল্পিত হত্যা’। প্রায় তিন দশক পর সেই মামলাটি নতুন করে হত্যাকাণ্ড হিসেবে বিচারিক প্রক্রিয়ায় ফিরল।